ভুট্টা আবাদে শীর্ষে চুয়াডাঙ্গা জেলা

চুয়াডাঙ্গা সংবাদদাতা:
চুয়াডাঙ্গা জেলায় বছরের পর বছর ভুট্টার আবাদ বেড়েই চলেছে। চাষিরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। অধিকাংশ কৃষকের অভিমত, লাভের আশায় দিন দিন এদিকে কৃষকদের আগ্রহ বেড়েছে। ভুট্টা আবাদ করে গত কয়েক বছরে অনেকেই অনেক কিছু করে ফেলেছেন।

খরচের তুলনায় উৎপাদন বেশি, তাই লাভের আশাও বেশি থাকে। যদিও প্রতি বছরেই সঠিক দাম পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যায়, তবুও কৃষকদের আগ্রহে ভুট্টার আবাদ প্রতি বছর বেড়েই চলেছে। তাছাড়া আবহাওয়া অনুকূলে থাকায় চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী জেলাগুলো ভূট্টা চাষের জন্য খুবই উপযোগী।

ভূট্টার বহুমুখী ব্যবহার এবং অর্থনৈতিক দিক থেকে অধিক লাভজনক হওয়ায় ভুট্টা এখন এলাকার প্রধান অর্থকরী ফসল হয়ে দাঁড়িয়েছে। গতবার চুয়াডাঙ্গার ৪টি উপজেলায় মোট ৪৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে ভূট্টার আবাদ করে দেশের সর্বাধিক ভুট্টা চাষের জেলা হিসেবে রেকর্ড গড়ে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসূত্রে জানা গেছে, গতবছর ভুট্টা আবাদের মূল মরসুমে চুয়াডাঙ্গায় ৪৮ হাজার ৪৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়। সে হিসেবে এবারও গতবারের আবাদের পরিমাণকেই লক্ষ্যমাত্রা ধরা হয়। অবাক হলেও সত্য যে, এবারও গতবারের চেয়ে চুয়াডাঙ্গায় বেশি ভুট্টার আবাদ করেছেন কৃষকেরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ে কর্মরতদের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গায় এবার ভুট্টার আবাদ হয়েছে ৪৮ হাজার ৯৫০ হেক্টোর জমিতে। গতবার ৪৮ হাজার ৪৩০ হেক্টরেই যখন দেশের সর্বাধিক ভুট্টার আবাদকারী জেলা হিসেবে চুয়াডাঙ্গা উঠে আসে আলোচনায়, এবারও তেমনটিই হতে যাচ্ছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলায় এবার কিছুটা কমলেও বেড়েছে বাকি ৩ উপজেলায়। গতবার আলমডাঙ্গায় ভুট্টার আবাদ হয়েছিল ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে, এবার হয়েছে ১২ হাজার ৩ হেক্টর জমিতে। জীবননগরে গতবার ছিল ৬ হাজার ৫০০ এবার ৭ হাজার ছাড়িয়ে গেছে।

দামুড়হুদা উপজেলায় গতবার ১৪ হাজার ১৮০ হেক্টরে আবাদ করা হলেও এবার তা বেড়ে ১৫ হাজার ৫০ হেক্টোর ছুঁয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলায় গতবার ১৪ হাজার ৮৯০ হেক্টর আবাদ হলেও এবার হয়েছে ১৪ হাজার ৯০০ হেক্টর জমিতে।

ভুট্টাচাষাদের সঙ্গে ভুট্টার আবাদে উদ্বুব্ধ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তাদের অনেকেই অভিন্ন ভাষায় বলেন, ভুট্টার আবাদে ঝুঁকি কম। যেমন গমের আবাদে গতবার ফলন বিপর্যয়ে পড়তে হয়। গুনতে হয় লোকসান। ভুট্টায় তেমন ঝুঁকি নেই। তুলনামূলক লাভ বেশি।

বিক্রি করতে গিয়েও ঝামেলায় পড়তে হয় না। নগদ টাকায় বিক্রি। তাছাড়া এবার চুয়াডাঙ্গায় গমের আবাদ না করার জন্য কৃষি বিভাগ আহ্বান জানিয়েছে। ফলে গমের বদলে ভুট্টার দিকেই ঝুঁকছে বলেই গতবারের রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গার ভুট্টাচাষিরা এবারও গড়তে বসেছে নতুন রেকর্ড।

  •  
  •  
  •  
  •  

Tags: