তানোরে উন্নত জাতের সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

সরকারের রাজস্ব বাজেটের অর্থায়নে উন্নত জাতের সরিষা ক্ষেত্র পরিদর্শন ও অবহিত করণ উপলক্ষে রাজশাহীর তানোরে সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার কামারগাঁ ইউনিয়নের শ্রীখন্ড গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম মোল্লার সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলতাফ হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীমতি বন্দণা রাণী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে কৃষি অফিসার শফিকুল ইসলাম বলেন, এই দেশের বহুসংখ্যক মানুষ অতীতে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতেন। আর এখন সেই দেশই বিদেশে চাল রফতানি করছে। তিনি বলেন, সরকারের প্রচেষ্টায় উন্নত বীজ ও কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কম জমিতেই অধিক পরিমাণ ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। কৃষি বিভাগের দেয়া আধুনিক প্রযুক্তি গ্রহণ করে অতিরিক্ত পরিমাণ ফসল উৎপাদন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সহায়তা করার জন্যে তিনি সকলের প্রতি আহবান জানান।

এর আগে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানগণ, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সরকারের রাজস্ব বাজেটের আওতায় ২০১৬-১৭ বছরের বিশেষ অর্থায়নে স্থানীয় কৃষক আব্দুল হান্নানের উন্নত জাতের বারী-১৪ সরিষা প্লটের (প্রদর্শনী) ক্ষেত্র পরিদর্শন শেষে বেশ কয়েকজন কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •