১১৮ হেক্টর জমির সবজি নষ্ট

নিউজ ডেস্কঃ

তিন দফা বন্যায় ময়মনসিংহের আট উপজেলায় ১৮০ হেক্টর জমির শাকসবজি তলিয়ে যায়। এর মধ্যে সম্পূর্ণ নষ্ট হয় ১১৮ হেক্টর জমির সবজি। নষ্ট হওয়া জমির সবজির মধ্যে রয়েছে পুঁইশাক, কাঁচামরিচ, চিচিঙ্গা, চালকুমড়া, পেঁপে, ঢেঁড়স, বরবটি, করলা ধুন্দুল, বেগুন, মিষ্টি লাউ।

ময়মনসিংহ জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কয়েক দফা বন্যায় জেলার চারটি উপজেলার সবজি ক্ষেত বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ময়মনসিংহ সদরে ৩০ হেক্টর, গফরগাঁওয়ে ২৫, গৌরীপুরে ১২ ও নান্দাইল উপজেলার ২৫ হেক্টর জমির সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মরিচচাষী ফজলু মিয়া জানান, বন্যায় ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলে তার ৩০ শতক জমির সব কাঁচামরিচ গাছ পানিতে তলিয়ে যায়। পানির নিচে মরিচ গাছগুলো পচে মরে যায়।

তিনি বলেন, মরিচের আকাল এখন পুরো ময়মনসিংহ জেলায়। কারণ ময়মনসিংহের কাঁচামরিচের সিংহভাগ জোগান দেয়া হয় সদর, গফরগাঁও, গৌরীপুর ও নান্দাইল উপজেলার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে। কিন্তু বন্যায় এ চার উপজেলার অর্ধশত হেক্টর জমির কাঁচামরিচ ও সবজি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরো অর্ধশত হেক্টর জমির কাঁচামরিচ ও সবজি।

সদর উপজেলার বোরোর চরের কৃষক আলম মিয়া বলেন, এ বছর আমি এক একর জমিতে, কাঁচামরিচ, চালকুমড়া, করলার চাষ করেছিলাম। সব ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় কী করব চিন্তা করে পারছি না।

গফরগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, বন্যায় যেসব সবজিচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রণোদনা দেয়াসহ নতুনভাবে সবজি উৎপাদনের সব ধরনের সহযোগিতা দেয়া হবে। বন্যায় এ উপজেলায় প্রায় সাড়ে তিন হাজার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এ উপজেলার সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। বন্যায় এ উপজেলায় সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় এবার সেটা সম্ভব হবে না।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, চলতি বছর বন্যায় জেলার আটটি উপজেলার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে সবজিচাষী ও ধানচাষী রয়েছেন। বন্যা হলেও ক্ষতির পরিমাণ কম থাকায় ফলন নিয়ে আমরা দুশ্চিন্তা করছি না।

ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মতিউজ্জামান বণিক বার্তাকে জানান, ময়মনসিংহ জেলায় সব সময় সবজির ভালো ফলন হয়। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় বিক্রি করা হয়। বন্যার আগে সবজির দাম কম ছিল। কারণ সবজির ফলন তখন ভালো ছিল। এবারের বন্যায় আমাদের ১৮০ হেক্টর জমির শাকসবজি নিমজ্জিত হয় এবং ১১৮ হেক্টর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়েছে। জেলায় ৪ হাজার ১১৪ জন সবজিচাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: