৪৫০ হেক্টর জমির ফসল পানিতে

নিউজ ডেস্কঃ

কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সারিয়াকান্দিতে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে গতকাল শুক্রবার বিকেলে যমুনার পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং বাঙ্গালি নদীতে ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

উপজেলার কাজলা, চালুয়াবাড়ী, সারিয়াকান্দি, হাটশেরপুর, কর্র্নিবাড়ী, বোহাইল, কুতুবপুর, ভেলাবাড়ী ও নারচী ইউনিয়নের সাড়ে ৪ শ’ হেক্টর জমির রোপা আমন, মাষকলাই, শাকসবজি ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে। কুতুবপুর ইউনিয়নে ৩ শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়ায় সপ্তাহ যাবৎ মানবেতর জীবন যাপন করছেন। নদী ভাঙনে চালুয়াবাড়ী ইউনিয়নের চরদলিকায় তিন শতাধিক বাড়ি-ঘর বিলীন হয়ে গেছে। চর দলিকা ও চর গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গনের মুখে পড়েছে। দিঘাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনার ভাঙনের মুখে পড়ায় ইতিমধ্যে নিলাম ডাক দেওয়া হয়েছে। যমুনার চরে চারণ ভ’মি তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। খড়ের দাম বেড়ে যাওয়ায় খামারিরা গরু নিয়ে বিপাকে পড়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সারওয়ার আলম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হচ্ছে। জেলা প্রশাসক জিয়াউল হক জানান, প্রচুর ত্রাণ মজুত আছে। চাহিদাপত্র হাতে পেলে ত্রাণ তৎপরতা শুরু করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল হালিম জানান, পানি দ্রুত নেমে না গেলে ফসলের ক্ষতি হবে ব্যাপক। যে ক্ষতি কৃষকের কাটিয়ে উঠা সম্ভব হবে না ।

  •  
  •  
  •  
  •  

Tags: