ভালবাসা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে ফুলের বাজার জমজমাট
আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষ্যে ঝিনাইদহে জমে উঠেছে ফুলের বাজার। ফুল চাষীরা আশা করছেন, এবছর ফুল উৎপাদন, চাহিদা ও দাম সবই বেশি হবে। তাদের প্রত্যাশা- গতবারের তুলনায় এবার তারা দ্বিগুন ফুল বিক্রি করতে পারবেন। এবার শুধুমাত্র ঝিনাইদহ জেলা থেকে চলতি মাসেই ৫ কোটি টাকার ফুল বিক্রি হবে। আর এজন্য গত কয়েক মাস ধরে দেশি বিদেশী নানা ফুলের চাষ করেছেন এ অঞ্চলের চাষিরা।
বিশাল এলাকায় চোখ ধাঁধানো ফুল ফুটে যেন জানান দিচ্ছে প্রকৃতিজুড়ে এসে গেছে ঋতুরাজ বসন্ত। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরসহ বিভিন্ন উপজেলার প্রায় ৬শ একর জমিতে এবার চাষ হয়েছে গোলাপ রজনী গন্ধা, গাঁদাসহ নানা প্রজাতির ফুল। এক বিঘা জমিতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয় ফুল চাষে। আর ৩ মাসে খরচ বাদে লাভ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। ২০টি মালার এক ঝোপা ফুল বিক্রি হয় ১৫০ থেকে ২০০ শ টাকায়।
পহেলা ফাল্গুন, ভালোবাসা দিবস, ভাষারমাসের কারণে চাহিদাও বেশি, তা সামলাতে বেড়েছে চাষি এবং শ্রমিকদের ব্যস্ততা। বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে-জন্মদিন সহ নানা উৎসবে তরুণ-তরুণী ও অভিভাবকরা এসব ফুল ক্রয় করে থাকে। প্রতিদিন জেলা থেকে ৫/৬ ট্রাক ফুল ঢাকার শাহবাগ ও চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে যায়।
ফুলচাষী ও ফুল ব্যবসায়ীরা জানান, সারাদেশে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে ফুল বেচা-কেনা হয় তার প্রায় এক তৃতীয়াংশ ঝিনাইদহে উৎপাদিত ফুল। শুধু বিভিন্ন দিবসই নয়, পূজা পার্বন বিয়েসহ যে কোনো উপলক্ষে ফুলের ব্যবহারো বাড়ছে। তার তাই কালিগঞ্জের এই বাজারে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসেন পাইকার ও খুচরা ব্যবসায়ীরা।
কালীগন্জ উপ-সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, বছরে জেলায় নয় কোটি টাকার ফুল বিক্রি হয়, তবে শুধু চলতি মাসেই জেলায় ৫ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
কৃষকদের এই ফুল চাষে প্রশিক্ষণের ব্যবস্থা ও সরকারি ভাবে ফুলের বাজার সৃষ্টি করতে পারলে আগামীতে এই ফুল চাষ আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। কৃষকরাও হবেন লাভবান। এমনটিই আশা করছেন এ অঞ্চলের ফুল চাষীরা।

