রংপুরে ‘খাদ্য নিরাপত্তায় টেকসই কৃষি’ শীর্ষক প্রশিক্ষণ
রংপুর প্রতিনিধি:
৭ কোটি মানুষের জন্য জন্ম নেওয়া বাংলাদেশ এখন ১৬ কোটি মানুষের দেশ। যেখানে জনসংখ্যা বাড়ছে, ভূমি ব্যবহার বাড়ছে, শিল্প এবং অবকাঠামোতে সেখানে সীমিত ভূ-খন্ডে খাদ্য উৎপাদন এবং কৃষি জমি ক্রমেই কমছে। যদিও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষির আধুনিকায়নে খাদ্য উৎপাদন বাড়িয়ে ঘাটতি মোকাবেলার চেষ্টা চলছে, তবে অনিবার্য সমস্যা আগামী দিনে কৃষি জমির অপ্রতুলতা। খাদ্য চাষের জমি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের খাদ্য প্রেক্ষাপটে উৎপাদনের সাথে সাথে খাদ্যের মান নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় রেখে রংপুরের শাইরা সমাজ কল্যাণ সংস্থা ‘বাংলাদেশে খাদ্য নিরাপত্তায় টেকসই কৃষি’ শীর্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করে।
গেল শুক্রবার ও শনিবার (১১ ও ১২ মার্চ)রংপুরের বাহারকাছনা এলকায় শাইরা সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে ২ব্যাপি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণে প্রায় ৪৫জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইরা সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইরা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.কানিজ ফাতেমা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ ইন্সটিটিউটের বিজ্ঞানিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান, আইসিডিডিআরবি’র বিজ্ঞানিক কর্মকর্তা মো. হেমায়েত আলী।
প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড.কানিজ ফাতেমা খাদ্য নিরাপত্তায় মৎস্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করে মৎস্যখাতে অপার সম্ভামনাময় দিক তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সহিদুজ্জামান বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বদলে যাচ্ছে বাংলাদেশের আবহাওয়া। গ্রীষ্ম মৌসুমে তীব্র গরম অনুভবের পর শীত মৌসুমে শীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহে সবচেয়ে বড় প্রভাব পড়ছে কৃষি, স্বাস্থ্য এবং মানুষের জীবনযাত্রার ওপর। এ তিন খাতের ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে বড় বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে। এ মুহূর্তে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষিতে টেকসই প্রযুক্তির কোন বিকল্প নেই।
তিনি শাইরা সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে কৃষিতে নতুন নতুন প্রযুক্তির পরিচিতি ও তার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অল্প জমিতে উৎপাদন বাড়ানোর জন্য সহযোগিতার আশ্বাস দেন।

