২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন প্রায় ৯৮ শতাংশ

নিউজ ডেস্ক:

করোনা মহামারি যেন সবকিছুকে থমকে দিয়েছে কিন্তু থেমে নেই বাংলার কৃষি। এই প্রকোপের মধ্যেও কৃষি মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৯৮ শতাংশ। এ অগ্রগতি জাতীয় গড় অগ্রগতির চেয়ে ১৮ শতাংশ বেশি কেননা জাতীয় গড় অগ্রগতি ৮০ শতাংশ।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরা হয়।

আলোচনা সভার তথ্যমতে, ২০২০-২১ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের মোট প্রকল্প ছিল ৮৫টি। প্রকল্পের অনুকূলে মোট বরাদ্দ ছিল ২ হাজার ৩১২ কোটি টাকা। যার মধ্যে ২ হাজার ২৫৫ কোটি টাকা ব্যয় হয়েছে, যা বরাদ্দের ৯৮ শতাংশ।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘চলমান করোনা মহামারি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করে এ সাফল্য অর্জন খুবই সন্তোষজনক এবং এটি কার্যকর হয়েছে আমাদের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে। আগামীতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সবাইকে অত্যন্ত সচেতন ও সাবধানী হতে হবে, যাতে করে স্বল্প প্রাকৃতিক সম্পদের মধ্যেও কৃষির উৎপাদন ও উৎপাদনশীলতা ধরে রাখা যায় এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

  •  
  •  
  •  
  •  

Tags: , ,