ঝিনাইদহে শ্রমিক সংকটে ধান কাটা ব্যহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
শ্রমিক সংকটের কারণে পরিপক্ক ধান কেটে ঘরে তুলতে পারছে না ঝিনাইদহের কৃষকরা। অতিরিক্ত টাকা দিয়েও কাজে শ্রমিক মিলছে না। শ্রমিক সংকটে একপ্রকার দিশেহারা হয়ে পড়েছে এ এলাকার কৃষকরা।
কৃষকরা অভিযোগ করে বলেন, স্থানীয় শ্রমিকদের বেশি দাম দিয়েও চাহিদা মাফিক পাওয়া যাচ্ছে না। দিন প্রতি ৪’শ-৫শ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাটিতে শুয়ে পড়া ধান কাটাও খুব কষ্ট সাধ্য। তাই মূল্য বেশি দিতে হচ্ছে। শ্রমিকের অভাবে সময়মত ধান কাটামাড়াই করতে না পারলে কৃষকদেরকে র্নিঘাত পথে বসতে হবে।
কৃষক গফুর আলী, হোসেন মিয়া জানান, বর্তমানে এক মণ ধানের দাম ৬’শ টাকা আর একজন শ্রমিকের মূল্য ৫’শ টাকা। বাজারে উঠতি বোরো ধান কেনা-বেচা শুরু হলেও ধান বিক্রি করে উৎপাদন খরচ পাচ্ছেন না তারা। শুধু শ্রমিক সংকট বা বাজার দরই নয়, ফসলের ফলন নিয়েও কৃষকরা হতাশায় আছেন। যেখানে বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মন হারে ধান উৎপাদন হওয়ার কথা। সেখানে এবার বিঘা প্রতি ২০ থেকে ২২ মন হারে ফলন হচ্ছে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ বিভাগের দাবী, এই সমস্যা সাময়িক। কৃষকদের ধৈর্য্য ধরলে এই সংকট কেটে যাবে। ইতিমধ্যে ২০ শতাংশ ধান কাটা হয়েছে।

