শেকৃবিতে বৃক্ষরোপন সপ্তাহ উদ্বোধন

শেকৃবি প্রতিনিধিঃ
‘বেশি বেশি গাছ লাগান, সবুজ বিপ্লবে অংশ নিন’ এবং ‘এসো সবুজ পৃথিবী গড়ি, পৃথিবীকে রক্ষা করি’ এমন শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃক্ষরোপন সপ্তাহ-২০১৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুন সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কমিটির আয়োজনে কেন্দ্রীয় লাইব্রেরি চত্ত্বরে উপাচার্য প্রফেসর মোঃ শাদাত উল্লা বকুল ফুলের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো. হযরত আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, গবেষণা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর নূর মোঃ রহমতউল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধনী দিনে আম, জাম, লিচু, ভেষজ উদ্ভিদসহ বিভিন্ন প্রজাতির শতাধিক বৃক্ষরোপন করা হয়। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি মোট একহাজার বৃক্ষরোপন করা হবে। বৃক্ষরোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সৌন্দর্য্য বর্ধন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং এর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে বলেন, গ্রাম ও শহরে বায়ু দূষণ মোকাবেলায় বিভিন্ন রকমের গাছের চারা রোপণ করা আবশ্যক। বিশেষত জলবায়ু পরিবর্তনে এই সময়ে বৃক্ষরোপন ইতিবাচক ভূমিকা পালন করবে। দেশকে সবুজায়ন করতে পারলে আমাদের পরিবেশ ও আবহাওয়া অনেকখানি প্রাকৃতিক সুফল বয়ে আনবে।

  •  
  •  
  •  
  •  

Tags: