রংপুর চিনিকলের জমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন মিছিল
জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের মালিকানাধীন ইক্ষুর জমি অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষার দাবীতে চিনিকলের শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলা শহরে সহস্রাধিক শ্রমিক-কর্মচারী মানববন্ধন কর্মসূচী পালন করেন। এসময় মিছিল-শোগানে উত্তাল হয়ে ওঠে গোবিন্দগঞ্জ শহর।
মানববন্ধন চলাকালে উপজেলা গেট এলাকায় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, জেলা ইউপি চেয়ারম্যান পরিষদের যুগ্ম আহ্বায়ক ও মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল আউয়াল, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মজিদ, রংপুর চিনিকল আখ চাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সভাপতি আব্দুল ছালাম, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, তোফাজ্জল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, সরকারী সম্পদ সাহেবগঞ্জ ইক্ষুু খামারের রক্ষা করার দায়িত্ব গাইবান্ধা জেলা ও পুলিশ প্রশাসনের হলেও রহস্যজনকভাবে তারা নিশ্চুপ থাকার সুযোগে একটি ভূমিদস্যু গ্র“প অবৈধভাবে উঠতি আখ কেটে ফেলে ঘরবাড়ি তৈরি করে সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করছে।
ফলে গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় একটি বৈধ প্রতিষ্ঠান বন্ধ করার পাঁয়তারা চলছে বলে সবার মনে বদ্ধমূল ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। এতে প্রত্যক্ষ সহায়তা প্রদান শুরু করে প্রশাসন।
এব্যাপারে স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করার পরও রহস্যজনক কারণে তারা সরকারী সম্পদ রক্ষায় কোন ব্যবস্থাই গ্রহণ করেননি।
বক্তারা আরও বলেন, আগামী ১০ জুলাইয়ে মধ্যে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারী সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে রাজপথ-রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে।

