মিল্ক ভিটার মুনাফা ১৮ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. (মিল্ক ভিটা) বিগত ১ বছরে ১৮ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। প্রতিষ্ঠানটি সারা দেশের দুগ্ধ উৎপাদনকারী সমবায় কৃষকদের কাছ থেকে দৈনিক গড়ে ১ লাখ ২৪ হাজার লিটার তরল দুধ সংগ্রহ পূর্বক পাস্তুরিত করে বাজারজাত করছে।
আজ শনিবার তেজগাঁও দুগ্ধ ভবনে মিল্ক ভিটার সার্বিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির ছিলেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ। অনুষ্ঠানে সমবায় নিবন্ধক মো. মফিজুল ইসলাম ও মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
প্রতিমন্ত্রী বলেন, মিল্ক ভিটার সবধরনের কেনা-কাটায় ই-টেন্ডারিং ব্যবস্থা সুনিশ্চিত করে টেন্ডার সিন্ডিকেট ভেংগে দিতে হবে।
তিনি বলেন, বিপণন ব্যবস্থা আধুনিকায়ন, পণ্যের গুণগত মানোন্নয়ন, মালামাল পরিবহন ব্যবস্থার অনিয়ম বন্ধ করতে হবে। কোনো সমিতি ভেজাল দুধ সরবরাহের চেষ্টা করলে সংশ্লিষ্ট সমিতি ও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সমবায়ী প্রতিষ্ঠানটির হৃত গৌরব ফিরিয়ে আনতে ব্যবস্থাপনা কমিটি, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে অধিকতর সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি এ ব্যাপারে কোন গাফিলতি বা শৈথিল্যতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

