কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উন্নয়ন মেলায় এনবিআর

নিজস্ব প্রতিবেদক :

সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে প্রান্তিক পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে সরকার সারাদেশে উন্নয়ন মেলার আয়োজন করছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপী রাজধানীসহ জেলা ও উপজেলা পর্যায়ে ওই মেলা অনুষ্ঠিত হবে। মেলায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন খাতের উন্নয়নের চিত্র তুলে ধরবে।

করসেবায় ও প্রান্তিক জনগণের মধ্যে কর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে উন্নয়ন মেলায় প্রথমবারের মতো সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে উপস্থিত থাকছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আর ওই মেলায় ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ইটিআইএন) নেওয়াসহ অন্যান্য করসেবা পাওয়া যাবে। থাকবে কর শিক্ষণ ফোরাম। যেখানে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের কর বিষয়ে শিক্ষা দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. নজিবুর রহমান বলেন, সারাদেশে যত উন্নয়ন মেলা হবে সব মেলায় জাতীয় রাজস্ব বোর্ডের অংশগ্রহণ থাকবে। আমরা অর্থ মন্ত্রণালয়কে প্রতিনিধিত্ব করব। তবে আমাদের সঙ্গে থাকবে ব্যাংকিং ডিভিশন। এনবিআরের আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগ একত্রে উন্নয়ন মেলায় স্টল করবে। এর সঙ্গে থাকবে করশিক্ষণ ফোরাম যেখানে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ নেবে।

মেলায় করসেবার বিষয়ে তিনি বলেন, এনবিআর সব সময়ই তথ্যসেবা দিয়ে থাকে। অন্যান্য মেলার মতো উন্নয়ন মেলাতে করসেবা পাওয়া যাবে। মেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) ও মিউনিসিপাল ডিজিটাল সেন্টারে (এমডিসি) যারা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইটিআইএন সার্টিফিকেট দেওয়াসহ অন্যান্য সেবা দেওয়ার ব্যবস্থা থাকবে।

জাতীয় উন্নয়ন মেলা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, মাইক্রো ফাইন্যান্স অথরিটিসহ অন্যান্য সরকারি সংস্থার প্রধানরা। যেখানে ৫৬টি মন্ত্রণালয়-বিভাগ পৃথকভাবে তাদের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে।

মেলায় সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য, রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাফল্য একং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্পর্কে ধারণা দেওয়াসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময়ের ব্যবস্থা থাকবে।

এর আগে ২০১৫ সালে প্রথমবারের মতো সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক সারাদেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •