১৫ বছর পর খুলছে রাজশাহী রেশম কারখানা
নিউজ ডেস্কঃ
দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে রাজশাহী রেশম কারখানা। পূরণ হতে চলেছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি। তাদের আশা, রাজশাহী ফিরে পাবে হারানো রেশমের ঐতিহ্য।
শনিবার দুপুরে রেশম কারখানাটি পরিদর্শন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
তিনি বলেন, “আগামী ৪৫ দিনের মধ্যে কারখানা খুলছে। তিন স্তরে কারখানাটি চালু হবে। পুরো কারখানা চালু হবে আগামী ছয় মাসের মধ্যে।”
সাংসদ বাদশা আরও বলেন, “রেশম কারখানা বন্ধ হওয়া ছিল রাজশাহীবাসীর জন্য দুর্ভাগ্য। কারখানাটি খুলে দেয়ার দাবিতে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। এটি চালু হলে রাজশাহী অঞ্চলের বহু মানুষের কর্মসংস্থান হবে।”
তিনি জানান, কারখানা চালুর পাশাপাশি রেশম গবেষণা কেন্দ্রেও একটি মডেল কারখানা ও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। যাতে বাইরের মানুষ সত্যিকারের রাজশাহী সিল্ক সম্পর্কে অবহিত হতে পারেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমান, রাজশাহী রেশম কারখানার পরিচালক আনিসুল হক ভুঁইয়াসহ রেশম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
১৯৬১ সালে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সাড়ে ১৫ বিঘা জমির ওপর স্থাপিত হয় রাজশাহী রেশম কারখানা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রায় ১০ কোটি টাকার নতুন যন্ত্রপাতি কিনে কারখানাটির আধুনিকায়ন করে।
লোকসানে থাকা ও মূলধন না থাকার অজুহাতে বিএনপি সরকার ২০০২ সালের ৩০ নভেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। ওই সময় কারখানার কাঁধে ছিল এক কোটি ১৩ লাখ টাকার ঋণের বোঝা। ওই সময় সেখানে কর্মরত ছিলেন প্রায় ৩০০ স্থায়ী শ্রমিক।
বন্ধের পর স্থায়ী-অস্থায়ী মিলিয়ে চার শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন। পাশাপাশি বিপাকে পড়েন আরও প্রায় ৫০ হাজার রেশম চাষী। সে সময় আন্দোলন করেও কারখানাটি চালু করতে পারেননি রাজশাহীবাসী। সেই সঙ্গে বিক্রির জায়গা না পেয়ে এ অঞ্চলের রেশম চাষীদের অনেকেই চাষ কমিয়ে দিতে বাধ্য হন।

