বছরে ৯ হাজার কোটি টাকার রফতানি সম্ভাবনা
কাজুবাদাম ডেস্ক:
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এ তিন পার্বত্য জেলায় অন্তত পাঁচ লাখ হেক্টর জমি অনাবাদি হিসেবে পড়ে রয়েছে। এর মধ্যে দুই লাখ হেক্টর জমিতে কাজুবাদাম আবাদ করলে বছরে ১০০ কোটি ডলারের বেশি আয় করা সম্ভব, বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৯ হাজার কোটি টাকা। পাশাপাশি পাহাড়ি জমিতে আবাদ করা যেতে পারে কফিও।
আগামীতে এ দুটি ফসল হতে পারে দেশের অন্যতম রফতানি পণ্য। পাহাড়ি এলাকার পরিবারগুলোয় হতে পারে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান। এ সম্ভাবনা নজরে এসেছে সরকারের। এ খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে অর্থ, পরিকল্পনা ও কৃষি মন্ত্রণালয়।
তিন পার্বত্য জেলায় ছোট-বড় মিলিয়ে দুই হাজার কফি ও কাজুবাদামের বাগান করার সম্ভাবনার চিত্র সম্প্রতি সরকারের কাছে তুলে ধরেছেন চট্টগ্রামের উদ্যোক্তা শাকিল আহমেদ তানভীর। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
কাজুবাদামের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে এ তিন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে বলে জানান তারা। আগ্রহী কৃষকদের সরকারের পক্ষ থেকে কফি ও কাজুবাদাম উৎপাদন, চাষ পদ্ধতি, প্রক্রিয়াজাত ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানানো হয়।

