ধসের আশঙ্কা আর্জেন্টিনার ভুট্টা রফতানিতে
নিউজ ডেস্কঃ
আর্জেন্টিনার ভুট্টা রফতানি খাতে ধসের আশঙ্কা করা হচ্ছে। ২০১৯ সালের মতো চলতি বছরও দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে কৃষিপণ্যটির রফতানিতে মন্দা ভাব বজায় থাকতে পারে। রফতানি কমতে পারে প্রায় ৩ শতাংশ। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ভুট্টা রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় আর্জেন্টিনার অবস্থান তৃতীয়। ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি ভুট্টা রফতানির রেকর্ড হয়েছিল। ওই বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৭২ লাখ ৪৪ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৬৫ দশমিক ৭৩ শতাংশ বেশি।
তবে পরের বছরই দেশটির ভুট্টা রফতানিতে মন্দা ভাব নেমে আসে। ২০১৯ সালে আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৫০ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক শূন্য ৩ শতাংশ কম। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ২২ লাখ ৪৪ হাজার টন।
এদিকে চলতি বছরও আর্জেন্টিনার ভুট্টা রফতানিতে মন্দা ভাব বজায় থাকতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে আর্জেন্টিনা থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৪০ লাখ টন ভুট্টা রফতানি হতে পারে, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮৬ শতাংশ কম। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমতে পারে ১০ লাখ টন।
মূলত উৎপাদন খাতের স্থবিরতার জের ধরে চলতি বছর আর্জেন্টিনা থেকে ভুট্টা রফতানি কমতে পারে। বিশ্বের পঞ্চম শীর্ষ ভুট্টা উৎপাদনকারী দেশ আর্জেন্টিনায় চলতি বছর সব মিলিয়ে পাঁচ কোটি টন ভুট্টা উৎপাদনের সম্ভাবনা দেখছে ইউএসডিএ। গত বছরও দেশটিতে একই পরিমাণ ভুট্টা উৎপাদন হয়েছিল।

