সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়
অর্থনীতি ডেস্কঃ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে (সুইস ব্যাংক) বাংলাদেশিদের টাকার পাহাড়। ২০২০ সালে এ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ২৯ লাখ ফ্র্যাংক। স্থানীয় মুদ্রায় যা ৫ হাজার ২৯১ কোটি টাকা (প্রতি সুইস ফ্র্যাংক ৯৪ টাকা হিসাবে)।
বৃহস্পতিবার (১৭ জুন) সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ না হওয়ায় পুঁজি পাচার হচ্ছে। আমানত রাখার ক্ষেত্রে এ বছরও বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তবে আলোচ্য সময়ে সুইস ব্যাংকে সারা বিশ্বের আমানত বেড়েছে।
বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন এ টাকার পুরোটা পাচার নয়। এর মধ্যে সুইজারল্যান্ডে যারা কাজ করছেন তাদের আমানত রয়েছে।
তবে ব্যক্তিগতভাবে কিছুটা থাকতে পারে। সেক্ষেত্রে নতুন তথ্য প্রকাশের পরপরই বিষয়টি খতিয়ে দেখতে ডিপার্টমেন্টের লোকজনকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। তারা তথ্য দিলে আমি বিস্তারিত জানাতে পারব।
তবে তিনি বলেন, বাংলাদেশ থেকে বৈধভাবে কাউকে টাকা নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বিভিন্ন চেষ্টা চলছে। এটি দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। তবে যেহেতু আমরা এগমন্ট গ্রুপের সদস্য।
তাই সেখান থেকে তথ্য পাওয়া যায়। সেভাবেই বিভিন্ন চেষ্টা চলছে। এর আগেও ২০১৩ সালে আমরা একবার সুইস ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা আমানতের প্রতিটি খাত আলাদাভাবে খতিয়ে দেখতে বলেছে।
প্রসঙ্গত, সারাবিশ্বে ধনী ব্যক্তিদের টাকা সুইস ব্যাংকে রাখার আগ্রহের পেছনে মূল কারণ দেশটির গোপনীয়তা নীতি। সুইজারল্যান্ডের আইনে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয়। টাকার উৎসও তারা জানতে চায় না।
তবে কোন দেশের গ্রাহকদের কী পরিমাণ অর্থ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে জমা আছে, তার একটি ধারণা প্রতিবছর এসএনবির বার্ষিক প্রতিবেদন থেকে পাওয়া যায়। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সনদের বাধ্যবাধকতা মেনে এসএনবি ওই তথ্য প্রকাশ করলেও সেখানে গ্রাহকের বিষয়ে কোনও ধারণা পাওয়া যায় না।

