ই-অরেঞ্জের সম্পদের হিসাব চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশের অন্যতম ই-কমার্স সংস্থা ই-অরেঞ্জকে সম্পদের হিসাব দিতে বলেছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৭ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল থেকে এ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চলতি বছর ৩১ জুলাই পর্যন্ত সম্পদ, দায় ও চলতি মূলধন এবং সরবরাহকারীদের কাছে বকেয়ার পরিমাণ কত তা জানাতে হবে। একই সময় পর্যন্ত টাকা নিয়েও পণ্য দেওয়া হয়নি, এমন গ্রাহকের সংখ্যা এবং গ্রাহকের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে, তার পরিমাণ জানাতে হবে।

নোটিশে সোনিয়া মেহজাবিন ও বিথি আকতারকে ই–অরেঞ্জের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে গ্রাহকের পণ্য অথবা পরিশোধ করা অগ্রিম অর্থ ফেরত না দেওয়ায় দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাত মামলায় দুই মালিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা এক হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের মামলায় জামিন নিতে গেলে ই-অরেঞ্জের মালিকদের মধ্যে সোনিয়া মেহজাবিন বা তার স্বামী এবং আরেক মালিক মাসুকুর রহমানকে কারাগারে পাঠান আদালত।

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকের আদালতে তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পণ্যের নগদ টাকা পরিশোধের পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও অর্ডারকৃত পণ্য বুঝে না পেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা করেন একজন গ্রাহক। মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর গুলশান থানায় মামলাটি করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ই-কমার্স প্রতিষ্ঠানটির একজন গ্রাহক বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেছেন।

  •  
  •  
  •  
  •  

Tags: