রমজান সামনে রেখে চালের দাম বাড়বে না
নিউজ ডেস্ক:
আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোসাম্মৎ নাজমানারা খানম। তিনি বলেন, রমজান মাসে চালের দাম বাড়বে না দাম নিয়ন্ত্রণে রাখতে মার্চ মাস থেকে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।
খাদ্য সচিব বলেন, যদি দাম বৃদ্ধির প্রবণতা দেখি তা হলে ওএমএস আরও বাড়ানো হবে। খাদ্যের ব্যাপারে তো সরকারের কার্পণ্য নেই। খোলাবাজারে বিক্রিটা আরও বাড়াব যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে সরকার চাল আমদানি করবে।
তিনি আরও বলেন,খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। মার্চ মাস থেকে ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে চালের দাম বাড়বে না ওই সময়।
সচিব বলেন, আমরা এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ চাল আমদানি করলে কেউ একে নিয়ে আবার অপপ্রচার চালাবে। ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার) বলছে— আমাদের উৎপাদন ভালো। তার পরও তারা বলছেন আমদানিও করতে হবে। আমরা চাচ্ছি আমদানি না করেই আমরা যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারি তা হলে আমরা এটা প্রতিষ্ঠা করতে পারব আমরা স্বয়ংসম্পূর্ণ।
নাজমানারা খানম বলেন, ২০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। এর পরও মিলাররা আমার কাছে চাল বিক্রি করতে চাচ্ছে।
মোটা চালের দাম আর বাড়বে না এটি কমেই যাবে ধান উঠলে তো আরও কমবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে বোরো চাল বাজারে চলে আসবে। ফলে চালের দাম বাড়ার আশঙ্কা নেই।

