কুবিতে ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ক্যাম্পাস

এস এম জোবায়ের, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজা হওয়ায় তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিবাদমান দুটি গ্রুপ।

ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী গ্রুপ এবং ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ নেতৃত্বাধীন সহ-সভাপতি রুপম দেবনাথ ও যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করে।

তাদের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে ক্যাম্পাসে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ নিয়ে আতঙ্কে আছে। যে কোনো সময় বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘দুইটি গ্রুপ তাদের কর্মসূচিতে যাওয়ার জন্য বলে। এখন আমি কোন গ্রুপে যাব? এই নিয়ে দ্বিধার মধ্যে থাকতে হয় সবসময়। ’

আরেক শিক্ষার্থী বলেন, ‘এক গ্রুপের মিছিলে গেলে অন্য গ্রুপের নেতাকর্মীরা মারার হুমকি দেয়।’

গতকাল বৃহস্পতিবার তারেক রহমানের বিচারের রায়ের পর ছাত্রলীগের দুই গ্রুপ আনন্দ মিছিল বের করে। এ সময় উভয় গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক সমর্থিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

ছাত্রলীগ সভাপতি নাজমুল হাসান আলিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের গতিতে সুশৃঙ্খলভাবে চলুক সেটা আমরা চাই। পৃথক গ্রুপ আমরা চাই না। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ঘোষিত কমিটির নেতাকর্মীদের দ্বারা পরিচালিত হলে ছাত্রলীগের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না। ছাত্রলীগের আমরা যারা কমিটিতে আছি আমরা একত্রিত হওয়ার চেষ্টা করছি। ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা ব্যক্তিলীগকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে কিছু লোক। আমরা ছাত্রলীগ প্রতিষ্ঠা করতে চাই।’

ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘ ছাত্রলীগের কমিটিতে এখন অযোগ্য নেতৃত্ব রয়েছে। আর তাদের নেতৃত্বের কারণে ছাত্রলীগের মধ্যে গ্রুপের সৃষ্টি হয়েছে। আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আইনুল হক বলেন, ‘ছাত্রলীগের নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল বৃহস্পতিবার। সমাধানের জন্য তারা শনিবার পর্যন্ত সময় নিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যাপারে আমরা কঠোর অবস্থানে আছি।

  •  
  •  
  •  
  •  

Tags: