প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিতে সরকারি পর্যবেক্ষক থাকবে

নিজস্ব প্রতিবেদক :
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে একজন সরকারি পর্যবেক্ষক রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

রোববার ইউজিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আইন সংশোধন করে ব্যাংকের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডে সরকারি একজন পর্যবেক্ষক রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

তিনি জানান, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি কার্যক্রমের অভিযোগ তদারক করতে একটি কমিটিও গঠন করা হয়েছে।

জঙ্গিবাদকে একটি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে ইউজিসির চেয়ারম্যান বলেন, জঙ্গিবাদের সমস্যা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে আরো বেশি। এককভাবে না দেখে এটিকে জাতীয় সমস্যা হিসেবে দেখতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জঙ্গিবিরোধী সচেতনতার অংশ হিসেবে আগামীকাল সোমবার সারা দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করবেন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

আব্দুল মান্নান জানান, সারা দেশে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬৪টি শাখা (আউটার) ক্যাম্পাস ছিল। এর মধ্যে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়েরই ২৯টি শাখা ক্যাম্পাস ছিল। এগুলো আদালতের স্থগিতাদেশ নিয়ে চলছিল। আদালতের নির্দেশ অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাসও বন্ধ ঘোষণা করেছে।

  •  
  •  
  •  
  •  

Tags: