সম্মিলিত কণ্ঠে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার ঘোষণা রাবি শিক্ষক সমিতির
আসাদুজ্জামান রিফাত, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী-জঙ্গিবাদী কর্মকা-ের প্রতিবাদে মানববন্ধন ও র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (রাবিশিস)। রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজমের সঞ্চলনায় এ সময় সমাবেশ বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সমিতির সাবেক সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক কে বি এম মাহবুবুর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমরা মনে করি, শিক্ষার্থীরাই আমাদের নিরাপত্তা দেয়। শিক্ষার্থীরা যখন ক্যাম্পাসে থাকে তখন আমরা নিজেদের নিরাপদ মনে করি। কারণ হাজার হাজার শিক্ষার্থী যদি এগিয়ে আসে তাহলে একটা সন্ত্রাসীও ঠাই পাবে না। কিন্তু আমরা যে শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাচ্ছি, তাদের মধ্যে থেকেই কতিপয় বিপথগামী শিক্ষার্থী এসব হত্যাকান্ডের মতো ঘটনায় জড়িত।’
তিনি বলেন, আমাদের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থীদের মধ্যে থেকেই কিছু জঙ্গিবাদে সমর্থক থাকতে পারে, তাদের চিহ্নিত করতে হবে। তিনি জঙ্গিবাদ মোকাবিলায় পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এক সময় মনে করতাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীরা এসব জঙ্গিাবাদী কর্মকা-ে জড়িত থাকত। কিন্তু এখন বিত্তবান মেধাবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এ উপসর্গ দেখা দিয়েছে।’ তাই তিনি শিক্ষার্থীদের সংস্কৃতি ও খেলাধুলার চর্চার মাধ্যমে জঙ্গিবাদের থাবা থেকে মুক্ত করার জন্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম বলেন, ‘আমরা হতবাক হই, যখন শুনি, বিশ্ববিদ্যালয়ের তাজা প্রাণরা এসব ঘটনায় জড়িত। যে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর স্বাধীনতা সংগ্রামে রক্ত ঝড়িয়েছে।’ তিনি সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদী র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ্।

