বেরোবিতে পদোন্নতি বন্ধ চার কর্মকর্তার, তিন জন চাকরিচ্যুত
সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
দুর্নীতি ও উপাচার্যকে লাঞ্ছিত করাসহ নানা অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছরের জন্য চার কর্মকর্তার ইনক্রিমেন্ট (বেতন-বৃদ্ধি) ও পদোন্নতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইব্রাহিম কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, বহিষ্কার হওয়া তিন কর্মচারী হলেন-বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মচারী নুরুজ্জামান রুবেল, নিরাপত্তাকর্মী শাহিন বেগ এবং প্রকৌশল বিভাগের সহকারি স্টোরকিপার মো. হুসাইন। শাহিন বেগের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক নারী ব্যাংক-কর্মকর্তাকে লাঞ্ছিত করেছিলেন। নুরুজ্জামান রুবেলের বিরুদ্ধে অভিযোগ, গত বছর তিনি উপাচার্যকে লাঞ্ছিত করেছেন। আর হুসাইনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া কাগজ তৈরি করে টিআর প্রকল্পের তিন টন গম হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অন্যদিকে, দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ বছরের জন্য চার কর্মকর্তার ইনক্রিমেন্ট (বেতন-বৃদ্ধি) ও পদোন্নতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা হলেন – সমাজবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার আতিকুজ্জামান সুমন, ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সেকশন অফিসার শাহিন মিয়া, রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার রাফিউল হাসান রাসেল এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সেমিনার সহকারী আবুল কালাম আজাদ। রেজিস্ট্রার মো. ইব্রাহিম কবীর জানান, সিন্ডিকেট সভার মাধ্যমে এই তিন কর্মচারী ও চার কর্মকর্তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তির বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলেও জানান তিনি।

