মোটর সাইকেলের ধাক্কায় হাত ভাঙল বাকৃবি শিক্ষার্থীর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যাল প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগত দ্রুতগামী মোটর সাইকেলের ধাক্কায় হাত ভেঙেছে এক শিক্ষার্থীর। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে বি স্কুল সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, আসিফ মোশাররফ নামের ওই শিক্ষার্থী টিউশনি করে সাইকেলে ফেরার সময় অপর পাশ থেকে আসা দ্রুতগামি ওই মোটর সাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। পরে আসিফ ফোনে যোগাযোগ করলে বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয়ের হেল্থ কেয়ার সেন্টার নিয়ে আসে। সেখান থেকে আসিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে প্রাথমিক ভাবে প্লাস্টার করে দেয়া হয়। এ সময় ডাক্তার জানান তার ডান হাতের দুটি হাড়ের একটি ভেঙে গেছে ও অন্যটি সরে গেছে। দ্রুত অপারেশন করতে হবে। মোটর সাইকেল এখনও ধরা সম্ভব হয়নি।
এ বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ক্যাম্পাসে প্রতিনিয়ত বহিরাগতরা দ্রুত গতিতে মোটর সাইকেল চালায়। বিশেষ করে কামাল রনজিত মার্কেট, জব্বারের মোড় ও টি.এস.সির সামনে দিয়ে বেশি দেখা যায়। এমনকি নিরাপত্তা কর্মীদের সামনে দিয়েও চলে যায়। এর আগে এ বিষয়ে অনেকবার অবগত করা হয়েছে। কিন্তু প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ডঃ এ.কে.এম জাকির হোসেন বলেন, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানানো হয়েছে। পরবর্তীতে যাতে এ রকম ঘটনা আর না ঘটে তার ব্যবস্থা নিচ্ছি।
উল্লেখ্য, আসিফ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের চতুর্থ বর্ষের এবং আশরাফুল হক হলের একজন আবাসিক শিক্ষার্থী।

