গাইবান্ধায় ১৯ পিএসসি পরীক্ষার্থী বহিস্কার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের ১৯ জন বদলী পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়া মিতু আকতার নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর নিকট ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ধোপাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বাজারপাড়া ও ধোপাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটিতে বৃহস্পতিবার ইসলাম ধর্ম পরীক্ষা চলাকালে বিভিন্ন বিদ্যালয় থেকে ১৯ জন বদলী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এসময় কেন্দ্রে পরিদর্শনে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা ১৯ জন বদলী পরীক্ষার্থী সনাক্ত করেন। পরে কাগজপত্র যাচাই-বছাই করে তাদের বহিস্কার করা হয়।

তিনি আরও জানান, বাজারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নলডাঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোছা. মিতু আকতার বদলী পরীক্ষার্থী হিসেবে পিএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদ-ের আদেশ দেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও, অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রকৃত পরীক্ষার্থীর বদলে ১৯ শিক্ষার্থী পিএসসির ধর্ম পরীক্ষায় অংশ নেয়। পরে তাদের যাচাই-বছাই করে বয়সের কথা বিবেচনা করে শুধু বহিস্কার করা হয়। এছাড়া একাদশ শ্রেণির শিক্ষার্থী মিতু আকতার বদলী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়া তার নিকট ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •