রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাবি সংবাদদাতা:
দীপন, অভিজিৎ, ওয়াশিকুর সহ সকল ব্লগার হত্যার বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাবি শাখা প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার বেলা ১২টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাবি শাখার সহ-সভাপতি তাশনুভা তাহরিন অন্তরার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মিনহাজুল আবেদিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সভাপতি আলমগীর হোসেন সুজন, ছাত্র ফেডারেশন সাধারন সম্পাদক তমাশ্রী দাস, বিপ্লবী ছাত্রমৈত্রী সাধারন সম্পাদক দীলিপ রায় প্রমুখ।

এ সময় সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে নির্বিচারে লেখক ও ব্লগার হত্যা হচ্ছে যার কোন সুষ্ঠু বিচার হচ্ছে না। এই বিচারহীনতার সংস্কৃতির ফলে রাষ্ট্রীয় মদদে রক্ষা পেয়ে যাচ্ছে হত্যাকারীরা।

এছাড়াও নেতৃবৃন্দ অবিলম্বে লেখক-প্রকাশক ও মুক্তমনা ব্লগার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

  •  
  •  
  •  
  •