নাটোরে সড়ক দূর্ঘটনায় রাবির সহযোগী অধ্যাপক নিহত
নাটোর সংবাদদাতা:
নাটোরে চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউনূস খান জাহাঙ্গীর নিহত হয়েছে।
বুধবার তাকে নাটোর আধুনিক সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বেলা ১১টার দিকে তিনি মারা যান। এর আগে বুধবার সকাল ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সামা সবুজবাংলাদেশ24.কম- কে জানান, অধ্যাপক ড. ইউনূস খান জাহাঙ্গীর সিরাজগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে তার নিজ কর্মস্থলে ফেরার পথে নাটোরের চকবৈদ্যনাথ চামড়াপট্টি এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়।
এ সময় তার সাথে থাকা তার ছেলেও আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

