বশেমুরবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৫ পালিত হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি নেওয়া হয়। সকাল ৯.০০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ইংরেজি বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় । আলোচনায় অন্যান্যের বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. হালিমা খাতুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট সুকান্ত বিশ্বাস, বিজয় দিবস হলের প্রভোস্ট জুবাইদুর রহমান, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোহাম্মদ আলী খান, পরিসংখ্যান বিভাগের সভাপতি মো. কামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোরাদ হোসেন, কর্মচারী ফারুক হোসেন, আল-আমীন চৌধুরী, শিক্ষার্থী ফয়সাল আহমেদ, মুনিরা ইয়াসমিন প্রমুখ।
আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিন সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান ।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টায় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোঃ নাসিরউদ্দিনের নেতৃত্বে উপজেলা চত্বরে জয়বাংলা পুকুর পাড়স্থ শহীদ স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৮টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

