প্রফেসর জহিরুল হক ইউল্যাবের নতুন উপাচার্য
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর এইচ এম জহিরুল হক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ তাকে নিয়োগ দেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিকে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রফেসর এইচ এম জহিরুল হক ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত ছিলেন। তাকে ১১ মে ২০১৭ থেকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
প্রফেসর এইচ এম জহিরুল হক ২০০৪ সালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে ইউল্যাবে যোগদান করেন। এরপর সিনিয়র শিক্ষক হিসেবে ইউল্যাবের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ইলেক্ট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।
২০১৩ সালের ৫ জুন প্রফেসর এইচ এম জহিরুল হককে ইউল্যাবের প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া তিনি ইউল্যাবের একাডেমিক অ্যাফেয়ার্সের ডাইরেক্টর এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন হিসেবে কর্মরত ছিলেন। ড. জহির ইউক্রেন থেকে পিএইচডি অর্জন করেন এবং সেখানেই শিক্ষকতা শুরু করেন।

