ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবিতে ইউজিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ভাতা বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা।
শনিবার (১৩মে) দুপুর ২টার দিকে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় পাশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি অনন্ত পাল, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ, নজরুল ইসলাম শাকিল, সুদীপ পাল, ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইভিএসএ) বাংলাদেশ, বাকৃবি চ্যাপ্টারের এক্সচেঞ্জ অফিসার মাহদী হাসান, সদস্য মো. আব্দুর রহমানসহ মুর্শেদ মুরাদ ও দুর্জয় সাহা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) নিয়মানুযায়ী একজন ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ ভাতা প্রথম শ্রেণির গ্রেজেটেড কর্মকর্তার অর্থাৎ ভেটেরিনারি সার্জনের বেতন স্কেলের সমান হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। যেহেতু ভেটেরিনারি সার্জনদের বেতন স্কেল বৃদ্ধি পেয়েছে সেহেতু ইন্টার্নশিপে শিক্ষার্থীদেরও মাসিক ভাতা বৃদ্ধি করা উচিত।
এসময় শিক্ষার্থীদের কষ্ট লাঘবের জন্য দ্রুত ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির দাবি জানান ছাত্রনেতারা।
স্মারকলিপি প্রদানকালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্থ করেন এবং ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

