চবিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বহিষ্কৃতরা হলেন- ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ওয়ালিদুর রহমান, ইংরেজী বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রিমন শিকদার, সংগীত বিভাগ ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের জিয়াউর হক মজুমদার।

মঙ্গলবার চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স ও ডিসিপ্লিনারি কমিটির সভায় উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কার করেছেন।

এর মধ্যে গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় ওয়ালিদুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ১৯ এপ্রিল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফজলে রাব্বীকে মারধর করার অপরাধে রিমন শিকদার ও একই দিনে শফিউল মিনহাজ নামে এক শিক্ষার্থীকে মারধর করায় বাকী চারজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

  •  
  •  
  •  
  •