বাকৃবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার থেকে আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, ব্যক্তিগত ঘটনার জের ধরে মঙ্গলবার দুপুরে শামসুল হক হলের দ্বিতীয় বর্ষের সাকিব ফেরদৌস রাতুল ও আশরাফুল হক হলের প্রথম বর্ষের নুরে আলম অনিকের মধ্যে ঘটনার সূত্রপাত ঘটে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে রাতুল অনিককে মারতে মারতে বোটনিকাল গার্ডেন থেকে প্রশাসন ভবনে নিয়ে আসে।
এতে অনিক ক্ষিপ্ত হয়ে তার হলে সহপাঠীদের নিয়ে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী শেষ মোড়ে শামসুল হকের শিক্ষার্থীদের মারধর করে। তবে জানতে চাইলে রাতুল ও অনিক উভয়েই অস্বীকার করে বলেন তারা এবিষয়ে কিছু জানেন না। ওই ঘটনার জের ধরে বুধবার বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় দুপুর ২টার দিকে শামসুল হক হলের কয়েকজন আশরাফুল হকের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।
এসময় শামসুল হক থেকে রামদা, লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে। পরে শামসুল হক হলে অবস্থানরত বাকৃবি ছাত্রলীগের সভাপতি বের হলে আশরাফুল হকের বিক্ষিপ্ত শিক্ষার্থীরা সভাপতিকে গালাগাল করে। পরে সভাপতি দুই হলের কর্মীদের শান্ত করে হলে ফিরিয়ে দেয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, ‘দুই হলের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে ঘটনাটি ঘটেছে। এতে ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন বলেন, ‘বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড় দেয়া হবে না। দ্রুত জড়িতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেয়া হবে।’

