বাকৃবিতে পানির দাবিতে ফের রাস্তা অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পানির দাবিতে ফের রাস্তা অবরোধ করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের ছাত্রীরা। সমস্যা ভয়াবহ আকার ধারণ করায় এর আগেও বেশ কয়েকবার রাস্তায় নেমেছেন তারা। নিরবিচ্ছিন্ন পানির সরবরাহের দাবিতে শুক্রবার দুপুর থেকে আবারো খালি বালতি, বোতলে ময়লাযুক্ত পানি নিয়ে হলের সামনের রাস্তা অবরোধ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ক’দিন পর পর শিক্ষার্থীরা পানির জন্য আন্দোলন করলেও প্রশাসন সমস্যা নিরসনে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করেছেন। চলতি রোজায় সেহেরী ও ইফতারের সময়ও পানির পাচ্ছেন না তারা। মাঝে মাঝে যে সামান্য পানি আসে তাতে প্রচুর ময়লা ও দুর্গন্ধ থাকায় তা ব্যবহার করা যায় না। এতে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ করছেন। তারা খালি নিয়ে হলের সামনের রাস্তা অবরোধ করে রেখেছেন। বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা পানিতে প্রতিনিয়ত ময়লা, দুর্গন্ধ আর বালু আসার কারণে শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারছেন না। হলের পানি ঘোলা এবং প্রায়ই তাতে প্রচুর বালু পাওয়া যায়। হুটহাট অসময়ে পানি চলে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, হলের চারটি ব্লকের মধ্যে দুইটি ব্লকে পানি থাকে না বললেই চলে। মাঝে মাঝে দেখা যায় দিনে ৭ থেকে ৮ ঘণ্টা পানি নেই। ১০টার দিকে পানি পাওয়া গেলেও আবার সাড়ে ১২টার পর চলে যায়। একটি ব্লকের পানির দুইটি ট্যাঙ্কিই নষ্ট।

ওই হলের শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, হলের প্রায় ৬০০ শিক্ষার্থী পানির অভাবে গোসল, খাওয়া-দাওয়া কিছুই করতে পারছেন না। তারা ইফতার ও সেহেরীর সময়েও পানি পাচ্ছেন না। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও জানান, পবিত্র রোজায় যে সময়ে আমাদের নামাজ ও ইবাদতে ব্যস্ত থাকার কথা সে সময়ে পানির দাবিতে আমাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে। অতিদ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানান তারা।

এ বিষয়ে কথা বলতে সুলতানা রাজিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদকে ফোন করলে তিনি ফোন ধরেননি।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর আগামী রোববারের মধ্যে পানির সমস্যা সমধানের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ তুলে নিয়ে হলে ফিরে যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: