বাকৃবিতে আরেক ছাত্রদল কর্মীকে পেটাল ছাত্রলীগ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক ছাত্রদল কর্মীকে পিটিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা। এতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছাত্রদল কর্মীকে পেটানো থেকে নিবৃত করার চেষ্টা করলে তিনিও নিজের কর্মীদের দ্বারা লাঞ্চণার স্বীকার হন।
রবিবার বেলা ২টার দিকে ওই ছাত্রদল কর্মী ফাইনাল পরীক্ষা দিতে আসলে এ ঘটনা ঘটে।
জানা যায়, ছাত্রদল কর্মী আবিদ আহমেদ আকন্দ কৃষিতত্ত্ব বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। পরীক্ষা শেষ করে আবিদ ও ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান জনি বের হলে ছাত্রলীগের মারুফ, আবির, আশিক, দীপ, মনির, কাওসার, দুর্জয় আবিদকে ধরে বেধড়ক পেটায়। এসময় জনি তাঁর সহপাঠীকে বাচানোর চেষ্টা করলে তিনিও লাঞ্চিত হন। পরে তাদেরকে ছাত্রলীগের কার্যালয়ের নিয়ে আসা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যায়ের প্রক্টর ছাত্রলীগের কার্যালয়ে এসে জনিকে নিয়ে যায়। এসময় ছাত্রলীগের কর্মীরা জনিকে বহিষ্কারের দাবি জানায়।
এবিষয়ে ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান জনি বলেন, আবিদকে অনেকক্ষন পেটানোর পরে আমি তাকে আর মারতে নিষেধ করি। তবে তাকে লাঞ্চণার কথা তিনি অস্বীকার করেন।
এবিষয়ে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ছাত্রদল ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি কারায় কর্মীরা তাদের উপর চাড়াও হয়েছে। দলীয় কার্যক্রম বিরোধী কোন কাজের সাথে যুক্তের প্রমান পাওয়া গেলে জনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আতিকুর রহমান খোকন বলেন, বিষয়টি অনাকাঙ্খিত। আশা করি পরবর্তীতে এধরনের সমস্যা আর হবে না।
উল্লেখ্য, গত দুই মাস আগে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ কর্মীদের মারধর করে।

