প্রথমবারের মত ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছে পশুপালন অনুষদের ১৭ শিক্ষার্থী
বাকৃবি প্রতিনিধি:
ইন্টানশিপ প্রোগামে অংশ নিতে বিদেশ যাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৭ জন শিক্ষার্থী। ইন্টানশিপের জন্য থাইল্যান্ড, জাপান ও নেপালে যাবেন তারা।
জানা যায়, প্রতি বছর ইন্টার্নশিপ প্রোগামে অংশ নেয় পশুপালন অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় প্রথমবারের মত দেশের বাইরে যাচ্ছেন ওই অনুষদের ১৭ জন শিক্ষার্থী। আগামী তিন মাস তারা বিদেশে অবস্থান করবেন। এদের মধ্যে থাইল্যান্ডের ক্যাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ে ১০জন, জাপানের শিনসু বিশ্ববিদ্রালয়ে ২জন ও নেপালে কৃষি গবেষনা কেন্দ্রে ৫ জন শিক্ষার্থী ইন্টানশিপে অংশ নিবেন। সোমবার সাড়ে ১২টার দিকে অনুষদের সম্মেলন কক্ষে ‘বিদেশী ভেন্যুর ইন্টানশিপের উদ্বোধন’ শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী। স্বাগত বক্তব্য দেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।
উল্লেখ্য বিদেশে ইন্টার্নশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কোর্চ-কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্বে আছেন পশু বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ.কে.এম আহসান কবির।

