রাকাবের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে ২জন আটক

রাবি সংবাদদাতা:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) দ্বিতীয় শ্রেণীর অফিসার পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বিতীয় শিফটের পরীক্ষা চলকালীন বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন ও জয়পুরহাটের মো: সাদেকুল ইসলাম।

পরীক্ষার দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়্যারম্যানক অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম বলেন, ওই দুইজন প্রক্সি দিচ্ছিলেন। পরীক্ষার হলের কর্তব্যরত শিক্ষক বিষয়টি বুঝতে পেরে তাদেরকে প্রক্টরের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল ইসলাম বলেন, ‘নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, রাকাবের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ মামলা না করলে তাদের ছেড়ে দেয়া হবে।

প্রসঙ্গত, ২০ নভেম্বর ভুলক্রমে এক শিফটের প্রশ্নপত্র অন্য শিফটে বিতরণ করায় দ্বিতীয় শ্রেণির অফিসার পদের এ নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ১০৮টি শূন্যপদের বিপরীতে এই পরীক্ষায় আবেদন করেছেন ৩১ হাজার ১৯ জন প্রার্থী। পরীক্ষাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানের অনুষ্ঠিত হচ্ছে।

  •  
  •  
  •  
  •