বাকৃবির ২৮২ কোটি ৪২ লাখ টাকার বাজেট পাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ২৮২ কোটি ৪২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃক নতুন অর্থ বছরের জন্য প্রণীত ৩৫২ কোটি ৮১ লাখ টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২৮২ কোটি ৪২ লাখ টাকার সিলিং নির্ধারণ করে দিয়েছে। এবারের বাজেটে গত বছরের সংশোধিত বাজেটের চেয়ে বরাদ্দের পরিমাণ ৭.৬৫% বৃদ্ধি পেয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন জানান।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবরের সভাপতিত্বে ফিন্যান্স কমিটি ও সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ২০১৭-১৮ অর্থ বছরের মূল বাজেট এবং ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত পুন:বাজেট উপস্থাপন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় ফিন্যান্স কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেটের ৩১২তম অধিবেশনে বাকৃবির নতুন অর্থ বছরের জন্য এ বাজেট পাস হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক সরকারি অনুদান হিসেবে ২৭৩ কোটি ৪২ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্র থেকে আয় ৯ কোটি টাকাসহ সর্বমোট ২৮২ কোটি ৪২ লাখ টাকা ধার্য করা হয়েছে।

এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতাদি বাবদ ১৫৪ কোটি ৬৯ লাখ টাকা, পেনশন খাতে ৮৩ কোটি টাকা, দৈবঘটনা খাতে ৪২ কোটি ৮৮ লাখ টাকা ও বিশেষ বরাদ্দ হিসেবে ১ কোটি ৮৫ লাখ টাকা ধার্য করা হয়েছে। ধার্যকৃত দৈবঘটনায় বরাদ্দের মধ্যে সাধারণ আনুষঙ্গিক খাতে ধার্য করা হয়েছে ১৬ কোটি ৬০ লাখ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ধার্য করা হয়েছে ১৮ কোটি ৮৮ লাখ টাকা, রক্ষণাবেক্ষণ খাতে ধার্য করা হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা ও সম্পদ সংগ্রহ/ক্রয় খাতে ৩ কোটি ৫০ লাখ টাকা।

  •  
  •  
  •  
  •  

Tags: