রাবিতে চার দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
হলের ডাইনিংয়ের খাবরের মান বৃদ্ধি, বাসের ট্রিপ বাড়ানোসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যেখানে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে সেখানে কোন যুক্তিতে, কার কথায় প্রশাসন বাসের ট্রিপ কমিয়েছে? এছাড়া হলের ডাইনিংয়ে খাবারের দাম বাড়িয়েছে ঠিকই কিন্তু খাবারের মান বাড়ানো হয়নি। প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কখনও কি এসব খাবার খেয়ে দেখেছেন?

শিক্ষার্থীরা আরও বলেন, লাইব্রেরি আমাদের জ্ঞান ভাণ্ডার। বিগত দিনে লাইব্রেরি প্রতিদিন খোলা ছিল। সেখানে প্রশাসন সপ্তাহে দু’দিন লাইব্রেরি বন্ধ রাখছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রথম শ্রেণির নাগরিক। ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে আমরা আজ রাস্তায় নেমে কিছু যৌক্তিক দাবি আদায়ের জন্য। বিশ্ববিদ্যালয়ে আমরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না পেলে জাতিকে কী দিব?

ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়ে বক্তারা বলেন, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে চুরি-ছিনতাই বেড়ে যায়। কিন্তু এ বিষয়ে প্রশাসন উদাসীন। এই ক্যাম্পাস আমাদের, এর মাঠ আমাদের। এখানে বহিরাগতদের চোখ রাঙানো আমরা মানবো না।

মানববন্ধনে বক্তব্য দেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী কিংশুক কিঞ্জল, নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম, ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এস এম. মিঠু, অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাবিব প্রমুখ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন। এছড়াও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাবি শাখা ছাত্র ফেডারেশন ও রাবি শাখা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের সঙ্গে একাত্বতা প্রকাশ করেন।

প্রসঙ্গত, ঈদের ছুটির পর থেকে হল ডাইনিং-এ দুপুরে ২০ থেকে ৪ টাকা বাড়িয়ে ২৪ এবং রাতে ১৬ থেকে ১৮ টাকা করা হয়। এছাড়া ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া বাসের ট্রিপ ৮টি থেকে কমিয়ে ৪টিতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এছাড়া সপ্তাহে দু’দিন ক্যাম্পাস বন্ধ থাকায় গ্রন্থাগারও দুদিন বন্ধ থাকছে।

  •  
  •  
  •  
  •  

Tags: