রাবি পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিসংখ্যান বিভাগের কৃতী শিক্ষার্থীদের ‘খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে বিভাগীয় কনফারেন্স রুমে এ অনুষ্ঠনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর আনন্দ কুমার সাহা ও বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. আখতার ফারুক।
অনুষ্ঠানে প্রো-ভিসি পরিসংখ্যানে স্নাতক সম্মান পরীক্ষায় প্রথম স্থান অধিকারীকে ও বিজ্ঞান অনুষদের ডিনা একই পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ‘খোন্দকার মনোয়ার হোসেন মেমোরিয়াল ‘অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেন।
এবার ২০১৫ ও ২০১৬ সালের স্নাতক সম্মান পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী শামিমা খাতুন ও জান্নাতুন নাঈম এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারী আসমাউল হুসনা ও নুসরাত নাজনীন এই পুরস্কার অর্জন করে। কৃতিত্বের পুরস্কার হিসেবে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারীকে সনদ ও ১০ হাজার টাকার চেক এবং মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে সনদ ও ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে এমএসসি ২০১৬ ব্যাচের বিদায় সংবর্ধনা এবং বিভাগের অন্তঃকক্ষ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারও প্রদান করা হয়। বিদায় সংবর্ধনায় অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট উপহার দেন।
পরিসংখ্যান বিভাগ ও বিভাগীয় সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি প্রফেসর মো. আইয়ুব আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিভাগীয় সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. গোলাম হোসেন বক্তব্য দেন।

