বাকৃবির অফিসারদের কর্মবিরতি, স্বাভাবিক কর্মকান্ডে মারাত্বক ব্যাঘাত
বাকৃবি সংবাদদাতাঃ
জাতীয় বেতন স্কেল-২০১৫ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অফিসারদের চলমান আন্দোলনে না আসায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে অফিসার পরিষদের নেতারা ক্ষুব্ধ হয়ে ওই দুই কর্মকর্তার অফিসের দরজায় তালা ঝুলান তারা। তবে আন্দোলনে একত্মতা রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন।
এদিকে আন্দোলনরত অফিসাররা কর্মবিরতিতে থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষা বিভাগগুলো। ঈদের আগে এ ধরণের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকান্ডে মারাত্বক ব্যাঘাত সৃষ্টি করছে বলে মত দেন অনেক শিক্ষক।
জানা যায়, জাতীয় বেতন স্কেল-২০১৫ বাস্তবায়ন ও পদোন্নয়নের দাবিতে গত জুন মাসে কর্মবিরতি পালন করে আন্দোলন করে বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ। এসময় আন্দোলনে একাত্মতা জানায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম ও কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিন। আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্কেল বাস্তবায়ন কমিটি ও স্টান্ডিং কমিটি গঠন করে। কমিটি ২০ আগষ্টের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু সময় পার হয়ে যাওয়ার পরও কোন সিদ্ধান্ত না আসায় গত সোম ও মঙ্গলবার ও বুধবার পুনরায় প্রশাসন ভবনের সামনে কর্মবিরতি করে অফিসাররা। কিন্তু এতে রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষ যোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাদের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে অফিসার পরিষদের সভাপতি আরীফ জাহাঙ্গীর বলেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কোষাধ্যক্ষকে বারবার ফোন দেওয়ার পরও আন্দোলনে যোগ না দেওয়ায় তাদের কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।
এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম বলেন, অফিসারদের আন্দোলনের সাথে তিনি একাত্ম রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুটারী দায়িত্বে থেকে সরাসরি কোন আন্দোলনে যোগ দেওয়ার বিধান নেই। কোষাধ্যক্ষ মো. রাকিব উদ্দিনকে ফোন দেওয়া হলে তিনিও একই কথা বলেন।

