বাকৃবিতে দোকানপাট বন্ধে ভোগান্তিতে শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জব্বার মোড়ে দুই দোকানে আগুন লাগার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের খাবার হোটেলসহ সবধরনের দোকানপাট বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় ব্যবসায়িক মালিক সমিতি। দুইদিন যাবৎ সবধরনের দোকান বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিষয়টি সমাধানে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, গত বুধবার গভীররাতে দোকানে আগুন লাগার পর বিদ্যুৎ বিভাগে জানানো হলেও কতৃপর্ক্ষ সময়মত বিদ্যুতের সংযোগ বন্ধ না করায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন দোকান মালিকরা। অন্যদিকে পূজার বন্ধে সকল হলের ডাইনিং বন্ধ থাকায় জব্বারের মোড়ের হোটেলগুলোই শিক্ষার্থীদের খাবারের একমাত্র স্থান। কিন্তু গত দু’দিনসহ শুক্রবারেও সকল দোকান বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই চরম দুর্ভোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ব্যবসায়িক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দুই মালিকের সমবেদনা জানাতে বৃহস্পতিবার দোকান বন্ধ রাখা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই দুই মালিককে ক্ষতিপূরণ, পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে কারণে একটি কমিটি গঠন ও বাজারে একটি কেন্দ্রীয় সার্কিট ব্রেকারের ব্যবস্থা করার দাবিতে শুক্রবারও দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মালিক সমিতির মিটিংয়ে দোকান খোলার তারিখ নিয়ে আলোচনা করা হবে।
এ বিষয়ে বাজার কমিটির সভাপতি প্রফেসরড. মো. জয়নাল আবেদীন বলেন, পূজার ছুটির জন্য রবিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খুললে তারা ব্যবসায়িক মালিক সমিতির সাথে আলোচনা করে এ সমস্যার সমাধানের চেষ্টা করবেন।
ছবি: সুমন

