বাকৃবিতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৭-১৮ স্নাতক ভর্তি পরীক্ষায় আবেদন ফি প্রদানকারী সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রি ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন।

সোমবার দুপুর দেড়টায় এ বিক্ষোভ মিছিলটি করা হয়।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদীয় করিডোর প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে সমাবেশ করে সংগঠন দু’টি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাংগঠনিক সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সাধারণ সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ধ্রুব জ্যোতি সিংহ। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি আল মুজাহিদ মৃদুল।

বক্তারা আবেদনকারী সকল শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেবার এবং ফরমের ১০০ টাকা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যার (১২০০ জনের) ১০ গুণ কেবলমাত্র ১২০০০ জনকেই পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  •  
  •  
  •  
  •  

Tags: