ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ভবনে তালা
নিউজ ডেস্ক:
টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ দফা দাবিতে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার বিকেলে শিক্ষার্থীরা বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন ফি বাতিল, পরীক্ষার ফি বাতিল, ল্যাব ফি বাতিল, ক্রেডিট ফি ১১০ টাকা থেকে ৫০ টাকা করা ও পরিবহন খরচ ৩০০ টাকা থেকে ১০০ টাকা করার দাবিতে প্রক্টর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের কাছে লিখিত আবেদন করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিকেল ৩টায় জানানো হয়, আবেদনপত্রে স্বাক্ষর না থাকায় এই আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
এই ঘোষণা শোনার পর শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়ে।
পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলসহ প্রশাসনিক ভবন ও জিয়া হলের সামনে কাঠ জড়ো করে অগ্নিসংযোগ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার কথা বলা হলে আন্দোলনরত শিক্ষার্থীরা শান্ত হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

