জাবিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ১০ম প্রয়াণ দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত নাট্যাচার্য ও গবেষক সেলিম আল দীনের ১০ম মহাপ্রয়াণ দিবস পালন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের (পুরাতন) সামনে থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি স্মরণ শোভাযাত্রা বের হয়।
স্মরণ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। শোভাযাত্রাটি সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সেলিম আল দীনের আত্মার শান্তি কামনা করে বলেন, গ্রাম থিয়েটার সেলিম আল দীনের অন্যন্য সৃষ্টি। তিনি এই গ্রাম থিয়েটারের মাধ্যমে বাংলা নাটককে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন।
তিনি আরও বলেন, সেলিম আল দীনের সমাজ চিন্তা আমাদের আলোর পথ দেখিয়েছে। নাটকে মানুষ, জীবন, সমাজ, সংস্কৃতি, দুর্যোগ, অনিয়ম, অনাচার ও অসঙ্গতি তুলে ধরে সমাজ বদলে অসামান্য ভূমিকা রেখে গেছেন সেলিম আল দীন। তার এই সৃষ্টিকর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে অমর থাকবেন তিনি।
এসময় সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটার, ঢাকা থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, তালুকনগর থিয়েটার, স্বপ্নদল ঢাকা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, পুতুল নাট্য গবেষণা কেন্দ্র, ছাত্র-শিক্ষক কেন্দ্র, নাটক সংসদ, কলমা থিয়েটার, ভোর হোল, শহীদ টিটু থিয়েটারসহ অন্যান্য সাংস্কৃতিক সংগঠন।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক একেএম ইউসুফ হাসান জানান, বিশিষ্ট নাট্যজন সেলিম আল দীনের স্মরণে আমরা দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সেমিনার, সেলিম আল দীনের আলোকচিত্র প্রদর্শনী করেছি। এছাড়া সন্ধ্যা ৭টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে পদাতিক নাট্য সংসদের প্রযোজনা এবং সায়িদ সিদ্দিকির রচনা ও নির্দেশনায় ‘গুনজান বিবির পালা’ মঞ্চস্থ হবে।
প্রসঙ্গত, ১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনীর সোনাগাজিতে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তার হাত ধরেই ১৯৮৬ সালে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রোত্তরকালের শ্রেষ্ঠ এই নাট্যকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

