বাকৃবির কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলে নতুন বই বিতরণ
বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) হাই স্কুলে সকল শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
ওই স্কুলের কো-কারিকুলাম বোর্ডের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের প্রফেসর ড. ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দীনের সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহফুজা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব, এমন একটি মহান উদ্যোগ গ্রহণের জন্য আমাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বই থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে, দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে।
এসময় ওই স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে ওই স্কুলে প্রায় ১৩০০ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়া হয়।

