বশেমুরবিপ্রবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত
তন্ময় বিশ্বাস বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ১ জানুয়ারি ২০১৬ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান।
নবীনদের বরণ করে স্বাগত ভাষণ দেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ও নবীনবরণ উদযাপন কমিটির সভাপতি ঈশিতা রায় । এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি নবীন বরণ স্মরণিকা, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার ও রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মাদ ফায়েক উজ্জামান সত্যিকারের মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়মিত লেখা-পড়ার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন নবীন শিক্ষার্থীদের জাতির জনকের নামে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সৃষ্টিশীল পড়ালেখার প্রতি গুরুত্বারোপ করেন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম আলাউদ্দিন, জীব বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম খান, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ প্রমুখ।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও আমন্ত্রিত শিল্পীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

