‘প্রশ্ন ফাঁস হলে পরীক্ষা বাতিল’
নিউজ ডেস্ক:
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আমরা প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নিয়েছি। এরপরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে প্রমাণিত হলে সাথে সাথে পরীক্ষা বাতিল করা হবে।
রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, এই পরীক্ষা নিরাপদ রাখতে মানুষের পক্ষে যা যা করা সম্ভব, এবার তা–ই করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করলে কেউ রেহাই পাবে না। কী হবে আমি নিজেও বলতে পারি না। তবে প্রশ্নপত্র ফাঁস করলে চরম ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আপনারা তো জানেন ২০ লাখ ছেলেমেয়ের আবারো পরীক্ষা নেয়া কী হয়রানি! প্রশ্নফাঁস যদি পরেও প্রমাণ হয় তাহলেও পরীক্ষা বাতিল করে দেবো। ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা আমরা গ্রহণ করবো না।
তিনি বলেন, সবার কাছে অনুরোধ জানাচ্ছি, শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের জীবন নষ্ট হলে জাতির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই এমন কিছু করবেন না যাতে করে পরীক্ষা নিতে সমস্যা হয়।
এবার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এবার অভিন্ন প্রশ্নেপত্রে এবং পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক পরীক্ষার্থীকে আধা ঘন্টা আগে প্রবেশ করার নিদের্শনা দেয় শিক্ষামন্ত্রণালয়।
সারা দেশে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় সারা দেশে ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আজ লিখিত পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে।

