কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাকৃবিতে মানববন্ধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ পাবলিক সার্ভিস (বিসিএস) সহ সকল ধরনের সরকারী চাকুরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে ‘কোটা সংস্কার চাই: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়’ ব্যানারে ওই মাননবন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার করে তা ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না পেলে শূণ্য পদে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় একের অধিক কোটা সুবিধা প্রয়োগের ব্যবহার বন্ধ করাসহ পাঁচ দফা দাবি পেশ করেন।
এসময় বক্তব্য রাখেন আশরাফুল আলম, হাতেম আলী, আমিনুর রহমান অমিত, হুজ্জাতুল ইসলাম, কামরুল হাসান কামু, মেহেদি হাসান রাতুল, মাহমুদুর রহমান, খান আসিফ তপু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষ্যমের ঠাঁই নেই, মুক্তিযোদ্ধা কোটা কিংবা নারী কোটা এগুলো বিষয় নয়, প্রধান দাবি একটাই কোটা সংস্কার করতে হবে। তরুণ সমাজের দাবির প্রেক্ষিতে সরকারকে শতকরা ৫৬ ভাগ কোটা ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে।
তাঁরা আরও বলেন, এটা কোনা রাজনৈতিক বিষয় নয় দেশের মেধাবি তরুণদের কাজে লাগাতে হলে সরকারকে ওই অবস্থান থেকে সরে এসে মেধাবিতের সুযোগ করে দিতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার পথে দেশ দ্রুত এগিয়ে যাবে। মানববন্ধনে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। একই দাবিতে রবিবারও মানববন্ধন করবেন বলে জানায় শিক্ষার্থী।

