সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাকৃবি শিক্ষক সমিতির মানববন্ধন আগামীকাল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে প্রাণনাশের হুমকি ও বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বৃহঃপতিবার (১ মার্চ) দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সংলগ্ন আমতলায় এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

গেল রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি  মো. জসিম উদ্দিন তার সন্ত্রাসী দল নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে এসে শিক্ষকদের গালিগালাজ ও হুমকি দেন। পরে আবার বিকাল চারটার দিকে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।

উল্লেখ্য, প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর সন্ত্রাসী আক্রমণ ও হুমকির ঘটনায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিমকে পরদিন গ্রেফতার করে পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

  •  
  •  
  •  
  •