৬৮ ফুট দীর্ঘ কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
গোপালগঞ্জ প্রতিনিধি:
৬৮ ফুট দীর্ঘ ২৬০ পাউন্ড ওজনের কেক কেটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কেক কাটা হয়।
এর আগে উপজেলার পাটগাতী বাস্টস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে ছাত্রলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা রং ও পাউন্ডার উড়িয়ে আনন্দ প্রকাশ করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর বঙ্গবন্ধুর সমাধিতে শোভাযাত্রাটি শেষ হয়। পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বি এম তৌফিক ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ আজ সোমবার ভোরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন। পরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার কোটালীপাড়া, কাশিয়ানী এবং মুকসুদপুরে উপজেলা ছাত্রলীগ অনুরূপ কর্মসূচি পালন করেছে।

