বাকৃবিতে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) পরিচালনা পর্ষদের সভাপতি, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে প্রাণনাশের হুমকি ও বাসায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহঃপতিবার (১লা মার্চ) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রফেসর ড. শহীদুর রহমান খান, প্রফেসর ড. কাজী শাহনারা আহমেদ, প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী, প্রফেসর ড. এম.এ.এম. ইয়াহিয়া খন্দকার, প্রফেসর ড. মো. আলমগীর হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান বাকৃবি প্রাতিষ্ঠানিক কমান্ডের সভাপতি আনোয়ার হোসেন ও অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা শিক্ষকের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানান এবং এই সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, অন্যায়ের সাথে আপোস না করায় আজ আমার উপর সন্ত্রাসী হামলা হয়েছে, আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। পথভ্রষ্ট যুবকরা ছাত্রসংগঠনের ব্যানারে সন্ত্রাসী কর্মকান্ড করে স্বাধীনতার পক্ষের শক্তিকে ধ্বংস করতে চাইছে।

এসময় ড. সাখাওয়াত অন্যায়ের প্রতিবাদ করে পাশে এসে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশ্ববিদ্যালয় পরিবারের যে কোন সদস্যের উপরে যে কোন অন্যায় অবিচারে শিক্ষক সমাজকে পাশে দাঁড়োনোর আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ. এস. মাহফুজুল বারি।

 

  •  
  •  
  •  
  •  

Tags: